আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৩
সিরাজগঞ্জে পুলিশকে মারধর করে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উত্তর সারটিয়া মধ্যপাড়ার আফজাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৫০), নুর মোহাম্মদের দুই ছেলে জিন্নাহ (৪৪) ও আমিনুল ইসলাম (৪০)।
জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালে জেলার চণ্ডিদাগাতি এলাকায় রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার মামলায় শুক্রবার গোয়েন্দা পুলিশ তোজাম নামে এক আসামিকে গ্রেপ্তার করলে তোজামের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।
ওসি ওহেদুজ্জামান জানান, তোজামকে ছিনিয়ে নেওয়ার পর অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আটকদের গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক তোজামকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।
