বাংলাদেশে ঢুকে এক কিশোরকে পিটিয়েছে বিএসএফ
বাংলাদেশ সীমান্তে ঢুকে এক বাংলাদেশি কিশোরকে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।
মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই কিশোরকে নির্যাতন করে ফেলে যায়।
বেনাপোল চেকপোস্টের ভারত-বাংলাদেশ রপ্তানি গেইটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রপ্তানি গেউটে কর্মরত বাংলাদেশ কাস্টমসের সিপাহী জাহাঙ্গীর হোসেন।
আহত আকাশ (১৫) যশোর জেলার মনিরামপুর থানার টেংরামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে।তাকে বেনাপোলের রজনী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ প্রতিদিনই টহল দেয়। কিন্ত মঙ্গলবার বেলা ৩টার দিকে হঠাৎ বাংলাদেশ অংশে ঢুকে কাস্টমস কার্গো অফিসের পেছনে ল্যাম্প পোস্টের নিচে বসে থাকা আকাশকে রাইফেলের বাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
ওই সময় গেইটে বিজিবির কোন সদস্য ছিল না বলে জানান জাহাঙ্গীর।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে বেনাপোলের রজনী ক্লিনিকে ভর্তি করে।
এ বিষয়ে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম বলেন, রপ্তানি গেইটের পাশে রেললাইন এলাকার বিজিবি পোস্টের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি।
তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনও কোন প্রতিবাদ জানানো হয়নি বলে জানান তিনি।
