শিমুলয়া-কাওড়াকান্দি নাব্য সংকট: ড্রেজিংয়ের জন্য জরিপ শুরু
শিমুলয়া-কাওড়াকান্দি নৌ-রুটের নাব্য সঙ্কট নিরসনে ড্রেজিংয়ের জন্য যৌথ জরিপ শুরু হয়েছে মঙ্গলবার।
জরিপ শেষে পদ্মা সেতুর বড় ড্রেজার এখানে ড্রেজিং শুরু করবে বলে জানান বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান উদ্দিন খান।
তিনি বলেন, “সোমবার দিনভর ১২ সদস্যের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একটি টিম লৌহজং টার্নিং পয়েন্টসহ নৌ-রুটটির গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। এরপর এই জরিপের সিদ্ধান্ত নেন।”
রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই ফেরি পথে নাব্য সঙ্কটের কারণে গত দুই সপ্তাহ ধরে পারাপার মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত বড় আকারের একটি ড্রেজার ব্যবহারের সিদ্ধান্ত নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়।
প্রকৌশলী সুলতান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার পদ্মা সেতুর সংশ্লিষ্টদের নিয়ে একটি যৌথ জরিপ হবে। কী পরিমাণ বালু অপসারণ করা হবে তার একটি পরিকল্পনা গ্রহণ করা হবে।
“এরপরই বুধবার থেকে পদ্মা সেতুর কাজে চীনাদের ব্যবহৃত বড় আকারে ড্রেজারটি ব্যবহার করা হবে।”
এই ড্রেজার ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই নৌ-রুটের নাব্য ফিরে আসবে এবং ফেরি সার্ভিস স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে, বলেন তিনি।
নাব্য সংকটের কারণে টানা পাঁচদিন ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে মানুষের দুভোর্গ ছাড়াও বহু পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে ঘাটে।
বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুপ্রান্তে অন্তত সাড়ে চারশ যান আটকা ছিল, যার অধিকাংশই পণ্যবাহী ট্রাক।
“ছোট গাড়ি ও বাসগুলো বেশিরভাগই ঘুরিয়ে অন্য পথে চলে গেছে। এছাড়া মঙ্গলবার এই রুটে নতুন করে আসা গাড়ির সংখ্যাও কম।”
আশিকুজ্জামান আরও জানান, ‘কুসুমকলি’ ও ‘ক্যামেলিয়া’ নামের দুটি কে-টাইপ ফেরি জোয়ারের সময় কোনোরকমে আসাযাওয়া করছে।
