২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন: নুরুলের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলামের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 11:26 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুল ইসলামের বাসা থেকে শিশু উদ্ধার ঘটনার বিষয়টি আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে সাময়িকভাবে তার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নুরুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

বুধবার বিকালে সাতক্ষীরা শহরে নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে ১০ বছর বয়সী এক গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।

বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কয়েক মাস ধরে শিশুটিকে বাসায় আটকে রেখে নুরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশা নির্যাতন করেন বলে তাদের কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেছেন।

বিচারক নুরুল ও তার স্ত্রীর গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার সাতক্ষীরা শহরে মানববন্ধন হয়েছে।

তিন সদস্যের মেডিকেল বোর্ড

ওই শিশুর চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ড. ফরহাদ জামিলের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই শিশুরকে বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষা করা হয়েছে।তার দেহের কিছু ক্ষত মাত্র কয়েকদিন আগের। তার উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ডা. আসাদুজ্জামান, ডা. রুহুল কুদ্দুস।

থানায় মামলা হয়নি

বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসা থেকে শিশুটিকে উদ্ধারের পর পুলিশ থানায় একটি জিডিই করেছে। তবে  ২৪ ঘণ্টাও বেশি সময় পার হয়ে গেলেও কোন মামলা হয়নি।

সদর থানার ওসি এমদাদ শেখ বলেন, “মেয়েটির বাবা থানায় মামলা করতে এসেছিলেন। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

এছাড়াও বুধবার রাতে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস সাতক্ষীরা হাসপাতালে গিয়ে মেয়েটির জবানবন্দি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।