বৈরী আবহাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর পথে লঞ্চ বন্ধ
ঝড়ো বাতাসের কারণে ছোট নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর পথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ; এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।
শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে পানির উচ্চতা বেড়ে গেছে।
এ অবস্থায় বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় শুক্রবার দুপুর ১২টা থেকে এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদ অবস্থানে চলে আসতে বলেছে প্রশাসন।
