গাছ কেটে সড়কে ফেলে রাতে বাসে ডাকাতির চক্রের ৬ জনকে গ্রেপ্তার
“ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় দুই দিনে কুষ্টিয়া ও মেহেরপুর থেকে দলের সর্দারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।”
মেহেরপুরের বিভিন্ন সড়কে গাছ ফেলে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিনি ট্রাক, করাত, রামদা ও মোবাইল উদ্ধার করা হয়।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রাফিউল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার খোকশা উপজেলার শিমুলিয়া গ্রামের আলতাফ মণ্ডল, কুষ্টিয়া সদর উপজেলার সোহেল হোসেন, মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের সালাহ উদ্দিন।
পুলিশ সুপার রাফিউল আলম বলেন, সম্প্রতি গাংনী উপজেলায় বিভিন্ন সড়কে গাছ ফেলে গভীর রাতে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে এই চক্রটিকে গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট ছিল। ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় দুই দিনে কুষ্টিয়া ও মেহেরপুর থেকে দলের সর্দারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
“আটকদের মধ্যে একজনের কাছ থেকে স্থানীয় একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তিনি হয়তো পরিচয় আড়াল করার জন্য সেটি ব্যবহার করতেন।”
তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
