গাজীপুরে ‘রড চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত যুবকের মৃত্যু
৬ ফেব্রুয়ারি ওই ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা যান; এরপর থেকে কাজ বন্ধ রয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন বাড়ির রড চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার উপজেলার উলুসারা এলাকার শরীফ হোসেনের বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম।
আনুমানিক ৩০ বছর বয়সি নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি নাসিম বলেন, নিহতের হাতের মুঠিতে একটি রড ধরা ছিল। বৃহস্পতিবার রাতে ভবনের ছাদ থেকে রড চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ওসি নাসিম বলেন, সৌদি প্রবাসী শরীফের নির্মাণাধীন ভবনের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন গেছে। ৬ ফেব্রুয়ারি ওই ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।
