রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কারের সুপারিশ
এই দুই নেতাকে নিয়ে নানা সময়ে বিতর্ক উঠেছে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তাদের বিতর্কিত কর্মকাণ্ড খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি।
কমিটি জেলা ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি রাসেল আহমেদ এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তকেও স্থায়ীভাবে সংগঠন থেকে বাদ দেওয়া সুপারিশ করেছে।
বুধবার এ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য আপন দাস।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। এটি নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে কী সুপারিশ করা হয়েছে তা পরবর্তী সময়ে জানানো হবে।”
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট চারজনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার নারী কর্মীর সঙ্গে অসদাচরণের একটি অডিও এবং সাধারণ সম্পাদকের ফেনসিডিল সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই দুই ঘটনা ছাড়াও সভাপতি-সম্পাদকের নানা কর্মকাণ্ড নিয়ে বির্তকের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগ।
কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ শামীম তুর্য, উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস ও সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তারা রাজশাহী এসে সরেজমিন ঘুরে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক যে সকল কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সাথে চরম মাত্রায় সাংঘর্ষিক।”
“এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাব-মূর্তি চরমভাবে বিনষ্ট হবে; যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।”
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
তবে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি দাবি করেছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
আরও পড়ুন:
