২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

নিজের কমিটির এক সদস্যের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।

এনসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার
আক্তার হোসেন

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 02:29 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

সিলেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার করা মামলায় সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সকালে জেলার জালালাবাদ থানাধীন হাউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মো. মনির হোসেন জানান।

আক্তার হোসেন ওই গ্রামের আব্দুল মনিরের ছেলে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইফতারের আগে-পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা; কারো কারো ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে।

ওসি মনির হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা মাহবুব রহমান শান্ত সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আক্তার হোসেন ওই মামলার তিন নম্বর আসামি। গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”