Published : 11 Jun 2026, 10:04 PM
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি রাস্তার পিচ হাত বা পা দিয়ে ঘষা দিলেই উঠে আসছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে কিশোরীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলার মাগুড়া ইউনিয়নের চেকপোস্ট থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্স।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, “ঢালাই দেওয়ার মাত্র সাত দিনের মাথায় রাস্তার পিচ উঠে যাচ্ছে। এখানে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়েছে। হাত বা পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে আসছে।”
আরেক বাসিন্দা হাসান আলী বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথভাবে কাজ না করার কারণেই এমন পরিস্থিতি হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিক।”

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, “সরকারি ছুটির দিনে কাজ করায় সেখানে কোনো তদারকি কর্মকর্তা ছিলেন না। স্থানীয়রা কাজের মান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। অভিযোগের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মসদুল হক। তিনি বলেন, “কাজে কোনো অনিয়ম হয়নি এবং কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। আমরা বিভিন্ন এলাকায় কাজ করি। অন্য কোথাও আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নেই।”