Published : 15 May 2026, 05:42 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়ে চাঁদপুরে যাচ্ছেন শনিবার। পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভা বক্তব্য দেবেন তিনি।
শুক্রবার বেলা ১২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি চাঁদপুর যাচ্ছেন কুমিল্লার উপর দিয়ে। কুমিল্লাতে কোনো সাংগঠনিক সভা নেই। তবে বরুড়াতে একটি পথসভা আছে। ওইখানে শুধু থামার কথা। তাও ১৫ থেকে ২০ মিনিটের জন্য অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি।
“এরপর প্রধানমন্ত্রী চাঁদপুরের হাজীগঞ্জ যাবেন এবং খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখান থেকে চাঁদপুরে গিয়ে আরেকটি খাল পুনঃখনন শেষে তিনি জনসভায় অংশ নিয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন।”
“তবে সন্ধ্যায় জেলা কমিটির সভা আছে। আমরা চেষ্টা করব উনাকে (প্রধানমন্ত্রী) সর্বোচ্চ সংবর্ধনা দিতে। এটা আমাদের গর্বের ব্যাপার; তিনি আমাদের এলাকার উপর দিয়ে যাচ্ছেন” বলেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত সুবিধার কথা স্মরণ করিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, “আগামী বাজেটে অলরেডি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক যে বাস, সেটা শুল্কমুক্ত করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট।”
শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জন্য প্রকল্প নেওয়া কথা জানিয়ে তিনি বলেন, “এই কলেজে ‘জিয়া অডিটোরিয়ামের’ নামটি পর্যন্ত বিগত সময়ে মুছে দিয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন।
“সেটি শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে। তবে সরকারের তরফ থেকে আমি চেষ্টা করব, যেন আরও একটি বা দুটি বাস আসে। আর যদি সেটা না হয়, তাহলে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন থেকে একটি বাসের বন্দোবস্ত করা হবে ইনশাআল্লাহ।”
প্রধানমন্ত্রী অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেবেন এমন প্রত্যাশা করে গণপূর্ত মন্ত্রী বলেন, “কুমিল্লা কৃষি নির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে, কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়।”
তিনি বলেন, “আপনারা জেনে খুশি হবেন, আমাদের সরকার মাত্র তিন মাস তিন দিনের। এর মধ্যে কুমিল্লার জন্য আমরা একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ করেছি এবং কুমিল্লা ওয়াসার প্রসেস চলছে। আমরা বিশ্বাস, এটা স্ট্যাবলিশ হওয়ার পর মেট্টোপলিটন এলাকাকে প্ল্যানিং করে যা করার দরকার আমরা সবই করব।”
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বক্তব্য দেন।