২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রা: পদ্মা সেতুর সাত বুথে টোল আদায়, তারপরও কমছে না গাড়ির চাপ

ভোর থেকে মোটরসাইকেলের ঢল নামে পদ্মা সেতু এলাকায়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:18 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। 

সেতুর টোল প্লাজায় সাতটি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে; তারপরও আটকানো যাচ্ছে না গাড়ির চাপ। বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে।

শুক্রবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের ঢল নামে। 

পরে গাড়ির লাইন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে ছাড়িয়ে যায়।

ভোরের দিকে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়েছিল। তবে অন্য যান সামাল দিতে বাইকের বুথ আবার একটিতে নামিয়ে আনা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, “বাইকের পাশাপাশি প্রাইভেট গাড়ি ও বাসের চাপ আছে। ঈদের সময় একটু চাপ বাড়বে এটাই স্বাভাবিক। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, “গাড়ির বাড়তি চাপে কিছু ঝামেলা থাকলেও মানুষ আরামে বাড়ি ফিরছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়। 

এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেওয়া হলে বাইক দুর্ঘটনায় দুই যুবকের নিহত হলে বাইক চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।