২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দোকানে ও বাড়িতে মজুদ করা সাড়ে ৫ হাজার লিটার ডিজেল জব্দ

জব্দ করা তেল কৃষকদের মাঝে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় ২৮ ব্যারেল ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা ব্যারেলগুলোতে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল ছিল; যা ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

মঙ্গলবার উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে ও বাড়িতে তল্লাশি চালিয়ে এসব ব্যারেল উদ্ধার করা হয় বলে জানান শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

গোপন খবর পেয়ে এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী হাকিম শাইখা সুলতানার নেতৃত্বে উপজেলায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্থানীয় ব্যবসায়ী রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ও তার বাড়ি থেকে ১৮ ব্যারেল এবং তনাই মোল্লার গদি থেকে ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। 

জব্দ করা ২৮ ব্যারেলে মোট পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়; যা পরে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। 

নির্বাহী হাকিম শাইখা সুলতানা বলেন, “প্রায় ১৫ দিন ধরে কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিলেন না। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে।”