১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে কয়েক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

চক্রবর্তী এলাকার চন্দ্রা—নবীনগর মহাসড়কের পাশ ধরে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়েছেন চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

গাজীপুর মহানগরীর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন শ্রমিক—কর্মকর্তা ও কর্মচারীরা। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা—নবীনগর মহাসড়কের পাশ ধরে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়েছেন চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক। 

শিল্প পুলিশ—২ এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, “সারাবো এলাকার

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন শ্রমিক—কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় ৯—১০ কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন করা হচ্ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের প্রতিষ্ঠানের সব কারখানার পুনরায় চালু করার দাবি জানান। 

তারা কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজের পরিবেশ বহাল চান। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অনান্য সব বকেয়া দাবি পূরণ করার দাবি জানান। 

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

ওই কারখানাগুলোতে অন্তত ৪০ হাজার শ্রমিক কাজ করতেন। 

শিল্প পুলিশ—২ এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়ক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।”