২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে তিস্তায় পানি কমছে, তবে আবার ‘বাড়তে পারে’

চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষদের প্রস্তুতি নিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 05:32 PM

Updated : 05 Oct 2023, 05:32 PM

ভারতের উত্তর সিকিমে তিস্তার বাঁধ ভেঙে যাওয়ায় ভারী উজানের ঢল এবং টানা বৃষ্টিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিম্নাঞ্চলসহ চরাঞ্চল প্লাবিত; ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া তিস্তার দুই পাড়ের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন; দেখা দিয়েছে খাবার সংকট। 

তবে বৃহস্পতিবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড-পাউবো জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৯০ সেন্টিমিটার বেড়েছে। এখন রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পাউবোর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, “আশা করা হচ্ছে, রাতেই পানি কমে যেতে পারে। পানি কমে গেলে তিস্তা পাড়ের মানুষরা আবারও ঘরে ফিরে যেতে পারবেন বলে আশা রাখছি।”

আবার লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।”

তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম। প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রবল বেগে পানি ঢুকছে উজান থেকে। এর ধাক্কা এসে লেগেছে তিস্তার অববাহিকার ভাটিতে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য জানায়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন এর তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি পাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও রংপুর অঞ্চলসহ লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এলাকায় রাত থেকেই বৃষ্টি চলছে।

সরেজমিনে দেখা যায়, গরু-ছাগল নিয়ে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। উৎকণ্ঠায় রাত পার করলেও পানি নেমে যেতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। 

তবে বন্যা পরবর্তী ভাঙনের আশঙ্কা রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচার-প্রচারণা এবং সার্বিক দেখাশোনা করা হচ্ছে।

বন্যার কারণে ফসলি জমির ক্ষয়ক্ষতিতে বিচলিত কৃষকরা।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের আমতলা এলাকার কৃষক আব্দুর রশিদ বলেন, “চরে তিন দোন জমিতে রোপা আপন বপন করেছিলাম। ধান কাটার সময়ও চলে আসছে। হঠাৎ পানি আসায় সব ডুবে আছে। কতটুকু ধান থাকবে বলা মুশকিল।”

একই ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, “চরে কয়েকদিন আগে ধান কেটে রেখেছি। হালকা বৃষ্টি হয় জন্য নিয়ে আসি নাই বাড়িতে। পানি আসার খবরে কোনো রকমে ভেজা ধান নিয়ে আসছি। বৃষ্টি পড়তেছে। তাই ধান মাড়াই করতেও পারছি না।”

সদর উপজেলার খুণিযাগাছ ইউনিয়নের পাকারমাথা এলাকার জোবাইদুল বলেন, “পুকুরে ৫০ হাজার টাকার মাছের পোনা ছেড়েছিলাম। হঠাৎ বন্যা আসায় সব মাছ ভেসে গেছে।”

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, “বন্যার পানিতে চরের সবজি ক্ষেত, আলু, রোপা আপনসহ বিভিন্ন ফসল ডুবে আছে। মাঠ পর্যায়ে আমাদের লোকজন কাজ করছে। এখনো ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।”

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, “আমরা নদী এলাকার জন প্রতিনিধিদের দিয়ে মাইকিং ও বিভিন্নভাবে মানুষকে সচেতন করেছি। আমি রাতে নদী এলাকা পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নিচ্ছি।”

চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের পশুপাখিসহ প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছি বলে জানান তিনি।