১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস উল্টে ২, কভার্ডভ্যান চাপায় ১ জন নিহত

“রাঙ্গামাটির একটি ইটভাটার ২০/২৫ জন শ্রমিক বাসটি ভাড়া নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাস চালককে পাওয়া যায়নি।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 02:18 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর-নড়াইল সড়কের আলাদা দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার সকাল ৮টায় সদর উপজেলার ভায়না তারাগঞ্জ এবং এর আধাঘণ্টা পর ঝুমঝুমপুরে এসব দুর্ঘটনা ঘটে বলে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মৃত আসান আলী মণ্ডলের ছেলে হাসেম আলী (৪০) ও প্রফুল্ল সাহা (৬০)।

আরেকজন একটি বাসের সুপারভাইজার বলে জানালেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।     

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম বলেন, রাঙ্গামাটি থেকে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস যশোর সদরের ভায়না তারাগঞ্জ এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

“এ সময় বাসের সুপারভাইজার ও যাত্রী হাসেম আলী ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় আহতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়াচক গ্রামের প্রদীপ কুমার (৫০) ও কালিগঞ্জ উপজেলার কাজলা গ্রামের ওমর ফারুক (৩১)।

এসআই মনিরুল বলেন, “রাঙ্গামাটির একটি ইটভাটার ২০/২৫ জন শ্রমিক বাসটি ভাড়া নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাস চালককে পাওয়া যায়নি।”

এদিকে যশোর সদরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে কভার্ডভ্যানের চাপায় পথচারী প্রফুল্ল সাহা নিহত হয়েছেন বলে জানান মনিরুল।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন দে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।