শরীয়তপুরে ‘রাসেলস ভাইপারকে’ লাথি, কামড় খেয়ে হাসপাতালে
চিকিৎসক বলেন, “সাপে কাটার আধা ঘণ্টার মধ্যে যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মোবাইলে ছবি দেখালে বুঝতে পারি সাপটি রাসেলস ভাইপার ছিল।”
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হয়ে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার রাতে ওই যুবককে নিয়ে আসা হয় বলে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যোতি মণ্ডল জানান।
আহত ইব্রাহিম মিয়া (৪০) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মো. মোকলেসের ছেলে। তিনি পেশায় একজন মাহিন্দ্রা চালক। তিনি নড়িয়া সদরে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম মিয়া বলেন, রাতে বাসায় খাবার খাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে নড়িয়া সদর ব্রিজ এলাকায় নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সাপ দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়। এটি ছিল সাপের বাচ্চা।
“তাই পা দিয়ে সাপটি মারতে চেয়েছিলাম। কিন্তু সেটি হঠাৎ করেই আমার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমি গেঞ্জি খুলে ক্ষত জায়গাটি বেঁধে হাসপাতালে ছুটে আসি। চিকিৎসক রক্ত পরীক্ষা করে বলেন, আমার শরীরে বিষ প্রবেশ করতে পারেনি।”
প্রত্যক্ষদর্শী নাসির নামের এক যুবক বলেন, “উনি সাপটি দেখে চিৎকার দেন। পরে নিজেই পা দিয়ে মারতে গেলে সাপটি উল্টো তার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমরা তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসি।”
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যোতি মণ্ডল বলেন, “সাপে কাটার আধা ঘণ্টার মধ্যে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে মোবাইলে ছবি দেখালে বুঝতে পারি সাপটি রাসেলস ভাইপার ছিল।
“তবে পরীক্ষা-নিরীক্ষা করে তার রক্তে কোনো বিষ পাইনি। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে”, বলেন চিকিৎসক।
