ময়মনসিংহে ঈদগাহ মাঠে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা
পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে এই ১৪৪ ধারা জারি করা হয় বলে ইউএনও জানান।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে এই ১৪৪ ধারা জারি করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন জানান।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লামকাইন ঈদগাহ মাঠে একাধিক পক্ষ হতে ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্ক রয়েছে। এমতাবস্থায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ওই এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশী অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
