২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলা স্থগিত

আইনজীবী বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় তার বিরুদ্ধে মামলা হয় ২০০৭ সালে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 05:21 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের দুটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছে আদালত।  

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদ এই স্থগিতাদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।

এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন সালাহউদ্দিন আহমদ। আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলকে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।  

আইনজীবী তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা হয় ২০০৭ সালে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।

“শুনানি শেষে আদালত দুইটি মামলার বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন।”

আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “আদালত দীর্ঘ শুনানিতে আমার বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে দুইটি মামলা করেন জনৈক মাহামুদুল হক।