২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ঘরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা, স্ত্রী ও প্রতিবেশী আটক

স্ত্রী রিমি খাতুনের সঙ্গে নিজের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালান।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 01:58 PM

Updated : 19 Jun 2023, 04:54 PM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক কৃষককে হত্যা করা হয়েছে; এ ঘটনায় নিহতের স্ত্রী ও প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীর চিৎকারেই স্থানীয়রা ছুটে এসেছিল। তবে রাতে দুর্বৃত্ত কীভাবে ঘরে ঢুকল সেই প্রশ্নের জবাব পেতেই সেই নারীকে আটক করা হয়েছে।

গত রোববার মধ্যরাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান। 

নিহত রবিউল ইসলাম রবি (৪৮) ওই গ্রামের গাংপাড়ার প্রয়াত মুক্তার বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্ত্রী রিমি খাতুনের সঙ্গে নিজের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালান। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান হামলাকারী।

রিমি এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, “কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এই ঘটনায় রিমি ছাড়াও পুলিশ আটক করেছে প্রতিবেশী শিপন মিয়াকে।

কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”