২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলার গ্রামে চিরনিদ্রায় জাবি শিক্ষার্থী রাচি

পড়ালেখা শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল তার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 10:50 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইজিবাইকের ধাক্কায় নিহত শিক্ষার্থী আফসানা করিম রাচিকে শেরপুরের নকলা উপজেলার নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বুধবার রাতে পারিবারিক কবরস্থানে রাচিকে দাফন করা হয় বলে তার বাবা রেজাউল করিম জানান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী রাচিকে (২০) একটি ইজিবাইক ধাক্কা দেয়।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার ঢাকার গ্রীন রোডে আফসানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাচির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীসহ স্থানীয় লোকজন অংশ নেন।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রামের বাড়িতে নেওয়া হলে তাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমায় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

সেখানে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মসজিদের চত্বরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে রাচির মরদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।

রাচির পরিবারের সদস্যরা জানান, তাদের মেয়ের ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার। তবে ব্যাটারিচালিতে ইজি বাইকের ধাক্কায় তার স্বপ্ন চুরমার হয়ে গেছে।

পেশায় ব্যবসায়ী রেজাউল করিমের ছয় ছেলে-মেয়ের মধ্যে রাচি ছিলেন সবার ছোট। রেজাউল দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ঢাকার গ্রীন রোডে থাকলেও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় নিজের প্রতিষ্ঠিত কয়েকটি মাছের খামার রয়েছে তার।

প্রায়ই ময়মনসিংহ শহরের একটি বাসায় থেকে খামারগুলো দেখভাল করেন তিনি। খোঁজখবর নিতে আসেন গ্রামের বাড়িতেও। রাচির মা এক ছেলের সঙ্গে মালয়েশিয়ায় রয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী রাচি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া আবাসিক হলে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।