২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতি’: হবিগঞ্জ পাসপোর্ট কার্যালয়ের ৩ কর্মচারীর নামে মামলা

দিনভর পাসপোর্ট কার্যালয় ও আশপাশের এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

অনিয়ম-দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।   

বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের ২ নম্বর পুল এলাকায় অবস্থিত পাসপোর্ট কার্যালয় ও আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী। 

অভিযানের নির্বাহী হাকিম সাইকুল ইসলাম বলেন, “এ ধরনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাউকে সাজা দেওয়ার বিধান নেই। তাই তিন কর্মচারীর নামে নিয়মিত মামলা করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে আরো কারো নাম এলে তাদেরকেও আসামি করা হবে।” 

যে তিনজনের নামে মামলার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নৈশ প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল।

পুলিশ জানায়, গ্রাহকদের সেবার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। এ ছাড়া সেবা পেতে ভোগান্তির অভিযোগও রয়েছে। তাই এই অভিযান চালানো হয়েছে।