১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

পারাপারের জন্য যেসব যানবাহন ঘাটে এসেছিল তাদের বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন‍্য বলা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা।

ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করা একটি ফেরি। ফাইল ছবি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আগে লঞ্চ চলাচল বন্ধ হলেও এবার ফেরি চলাচলও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

রোববার রাত ১০টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। 

তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের কোনো সারি নেই। পারাপারের জন্য যেসব যানবাহন এসেছিল তাদের বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য বলা হয়েছে। 

এর আগে রেমালের প্রভাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের দায়িত্বরত কর্মকর্তা ট্র্যাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্ট সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।