২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার পথে থেমে থেমে যানজট

দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় মঙ্গলবার ভোর থেকে তিন দফায় সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়, তাতেই তৈরি হয় যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার পথে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত সড়কে যানবাহন ধীর গতিতে চলছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 09:23 AM

Updated : 27 Jun 2023, 09:35 AM

বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঈদের ছুটির প্রথম দিন রাজধানী থেকে উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত সড়কে মঙ্গলবার ভোর রাত থেকে যানবাহন ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান।

২৯ জুন ঈদ ঘিরে এবার বুধ থেকে শুক্রবার তিন দিন ছুটি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ওই তিন দিনের সঙ্গে মঙ্গলবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সোমবার অফিস ছুটির পরই ঈদযাত্রার মূল চাপ শুরু হয়েছে।

ওসি জাহিদ হাসান জানান, রাতের প্রথম ভাগ ভালো কাটলেও মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে রাত তিনটার পর ১০ থেকে ১২ মিনিট, ভোর ৪টার পর প্রায় এক ঘন্টা এবং ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গে পৌঁছানোর এই পথে থেমে থেমে যানজট তৈরি হয়। পরিবার নিয়ে যারা ঈদ করতে বাড়ির পথ ধরেছেন, যানজটে গাড়ি আটকে থাকায় তাদের পড়তে হয় ভোগান্তিতে। 

ওসি বলেন, “আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার পথ চার লেইনের হলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেনের হওয়ায় মহাসড়কের এই অংশে ঈদের সময় যানজটের আশঙ্কা আগে থেকেই ছিল।

চার লেইনের এক পাশে দুই লেইন থেকে এক লেইনে গাড়ি ঢুকতে গিয়ে নিত্যদিনই ধীরগতির জটিলতা তৈরি হয়।মঙ্গলবার সকাল থেকে ঈদযাত্রায় গাড়ির স্রোত বাড়লে সেই ধীরগতিই বড় যানজটের কারণ হতে পারে।

যদি এই সিঙ্গেল লেইনে কোনো গাড়ি বিকল হয়, তাহলে তা অপসারণ করাও হবে চ্যালেঞ্জের।

পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কে পাঁচটি পশুর হাট নিয়েও দুশ্চিন্তায় আছে পুলিশ।

ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় সড়কের চাপ বেশি থাকে এ কারণে যে, এ সময় ঢাকা থেকে গ্রামমুখী চাপের পাশাপাশি গ্রাম থেকে শহরমুখী চাপও থাকে। মফস্বল থেকে ট্রাকে ট্রাকে আসতে থাকে কোরবানির পশু। ফলে চৌরাস্তা বা বড় মোড়গুলোতে দুই পাশেই দেখা দেয় যানজট।

আবার নিষেধ থাকলেও মহাসড়কের পাশে বড় বড় হাট বসে। সেখানে যাতায়াত, ট্রাক থেকে পশু নামানো, পশুর চলাচল তৈরি করে বিশৃঙ্খলা।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, “গত ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা গিয়েছিল। তবে এবার নতুন কিছু আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বাড়লে ঢাকাগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর হয়ে ভূঞাপুর দিয়ে এলেঙ্গায় আসবে।

“এই ২৭ কিলোমিটার সড়কে পাঁচটি পশুর হাট রয়েছে। হাট এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। যেসব এলাকায় পশুর হাট বসবে সেখানে যানজট নিরসনে হাট কমিটি ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবে।”

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে।