‘এই দুর্ভোগ বালা লাগছে না’
“পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর।”
“কয়েকদিন পর পর বাসাবাড়িতে পানি উঠছে। এখন যা অবস্থা এই বাসা ছেড়ে অন্য এলাকায় যেতে হবে।”
কথাগুলো বলার সময় নগরের যতরপুরের বাসিন্দা কমলা রানী দেবের কপালে বিরক্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল।
সোমবার ভোর থেকে তিন ঘণ্টার ভারি বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল। অনেক স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।
পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়ির ভেতরেও। এ পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সেই দুর্ভোগের শিকার হতে হয়েছে কমলা রানীকেও। তিনি বলছিলেন, “এই দুর্ভোগ আর বালা লাগছে না। আমাদের এই কষ্ট কেউ দেখেছে না।”
যতরপুর ছাড়াও নগরীর পাঠানটুলা, বর্ণমালা পয়েন্ট, বাগবাড়ি, দরগা মহল্লা, উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুর, তালতলা, শেখপাড়া ও বেতেরবাজার এলাকায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে।
সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন।
এর আগে শনিবার রাতেও বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সজীব হোসাইন জানান।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর সাংবাদিকদের বলছেন, “এটাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না; প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি জমেছে। এ ছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর।
“এতে নগরে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না। তাই বৃষ্টিতে নগরীর নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।"
আরও পড়ুন
