২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৩০০ পাখি উদ্ধার, বাবার পর কারাগারে দুই ছেলে

গ্রেপ্তার দুই যুবকের বাবা এর আগে দেড়শ পাখিসহ আটকের পর দুই মাসের দণ্ডিত হয়ে ফেনী কারাগারে আছেন।

ফেনীতে ৩০০ পাখি উদ্ধার, বাবার পর কারাগারে দুই ছেলে

উদ্ধারের পর পাখিগুলো স্থানীয় কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 10:50 PM

Updated : 28 Aug 2022, 10:50 PM

ফেনীতে বিক্রির জন্য আটক রাখা বিভিন্ন প্রজাতির তিন শতাধিক বন্যপাখি উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় দুই সহোদরকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তাদের বাবাও কারাগারে আছেন।

রোববার দুপুরে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুর এলাকার একটি ভাড়া ঘর থেকে পাখিগুলো উদ্ধারের পর স্থানীয় কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয় বলে বন বিভাগের ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান।

Image

খাঁচায় বন্দি বন্যপাখি উদ্ধার

দণ্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন- খুলনার সোনাকান্দা থানার আতাহার আলী সিকদারের ছেলে আজাহার আলী শিকদার (৩০) ও রাসেল শিকদার (২৮)।

তারা চাড়িপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাড়িতে থাকেন। ওই যুবকদের বাবা আতাহার আলী সিকদার চলতি মাসের ২ অগাস্ট ১৫৭টি পাখিসহ আটকের পর দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে ফেনী জেলা কারাগারে আছেন।

বাবুল চন্দ্র ভৌমিক জানান, বন্যপাখি খাঁচায় আটকে রাখার খবরে ফেনী জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম কলি এবং সুবল চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০টি চন্দন টিয়া, ১৩টি মুনিয়া, ৫০টি শালিক ও সাতটি দেশি টিয়া খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

Image

উদ্ধারের পর পাখিগুলো অবমুক্ত করা হয়

“এ সময় আটক দুই সহোদর ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।”