২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন
যাবজ্জীবন দণ্ড পাওয়া ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 04:16 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঝিনাইদহ সদর উপজেলায় ধর্ষণ মামলায় এক ইউপি চেয়ারম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) বজরুল রহমান।

দণ্ড পাওয়া খন্দকার ফারুকুজ্জামান ফরিদ উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি বর্তমানে জেলা শহরের ধোপাঘাটা ব্রিজ পাড়ায় বসবাস করেন।

মামলার বরাতে পিপি বজরুল রহমান বলেন, “২০২২ সালের ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান ফরিদের কাছে পাগলাকানাই ইউনিয়নের এক নারী বিচারের জন্য যান। পরে ওই নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেন ফরিদ।

“এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন। মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার সেখানেই তালাক দেন ফরিদ।” 

পিপি বলেন, ধর্ষণ মামলার পর ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ২০২২ সালের ১৬ এপ্রিল ফরিদকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

“আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য তাদের ডিএনএ টেস্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেস্টে ফরিদ ফেঁসে যান। পরে তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।”

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি বজরুল রহমান।

মামলার আরেক আসামি ফরিদের গাড়িচালক নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান তিনি। 

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নেকবার আলী।