Published : 13 May 2024, 08:43 PM
সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা তদন্তের বিষয়ে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
তিনি বলেছেন, “তদন্তের পর এ বিষয়ে বলা যাবে। এত বড় একটি নিয়োগ পরীক্ষায় কিছু ঘটনা হয়ত ঘটে। প্রশ্ন ফাঁস একটা বিষয়। আর নকল করা আরেকটা বিষয়। সেটার এখন তদন্ত চলছে, দেখা যাক। আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে কিনা। তদন্তাধীন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না।”
সোমবার বিকালে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “শিশুদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তারা স্কুলকে ভয় না পায়। বরং স্কুলকে তারা খেলার স্থান হিসাবে বিবেচনা করবে। তাহলেই শিশুরা স্কুলে যেতে চাইবে।”
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মনীষ চাকমা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মীর্জা মো. হাসান খসরু ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা প্রসারের সমস্যা, সম্ভাবনা ও অন্যান্য বিষয় প্রতিমন্ত্রী রুমানা আলী কাছে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ধৈর্যের সঙ্গে অভিভাবকদের কথা শোনেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।