বরিশালে কলেজের মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ
মেয়র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ‘নষ্ট করে’ ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সোমবার সকালে মাঠ রক্ষা কমিটি ও সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি হয়।
এতে সভাপতিত্ব করেন মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদা।
সমাবেশ পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মনীষা চক্রবর্তী।
এতে বক্তব্য দেন তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক হাবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি নজরুল হক নীলু, বেলা বরিশাল শাখার সমন্বয়ক লিংকন বায়েন, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, বাকশিস বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, চারুকলা বরিশালের সংগঠক ও আইনজীবী সুভাষ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিরণ কুমার দাস মিঠু, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, ব্লাস্ট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী শাহিদা তালুকদার, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সভাপতি শিকদার হারুনর রশীদ, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সভাপতি টুনু রানী কর্মকার, এলাকাবাসীর প্রতিনিধি পুলক চ্যাটার্জি, ননী গোপাল দাস, সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী শিবানী শিকদার।
এছাড়াও সংহতি প্রকাশ করে প্রকৃতি ও জীবন ক্লাব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইজিবাইক সংগ্রাম পরিষদ, অডেসাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
বক্তারা বলেন, পূর্ব পাশে কলেজের নিজস্ব বিকল্প স্থান থাকার পরও সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ ২০০০ সালের খেলার মাঠ ও জলাধার সংরক্ষণ আইনে সুস্পষ্টভাবে বলা আছে, খেলার মাঠের শ্রেণি পরিবর্তন করা যাবে না বা ভাড়াও দেওয়া যাবে না। সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, নানা সাংস্কৃতিক আয়োজন হয়।
তারা বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে এই মাঠের জায়গা বের করা হয়েছিল।
কলেজের নিজস্ব বিকল্প জায়গা থাকার পরও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। পরে তারা বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে স্মারকলিপি পেশ করেন।
মেয়র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
তিনি কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী-মাঠ রক্ষা কমিটিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেন।
