০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান বনমন্ত্রীর

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:19 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন।”

মন্ত্রী বলেন, “দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়।”

দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও তা প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, “দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।”

দেশের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ এনে মন্ত্রী বলেন, “এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।”