সাতক্ষীরায় চার দিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ, জিডি
পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
সাতক্ষীরা সদর উপজেলার এক কলেজ ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদর রহমান বলেন, নিখোঁজ ছাত্রী (১৯) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি বিবাহিত।
জিডিতে পরিবার জানায়, ১২ মার্চ দুপুর ১২টার দিকে কলেজ ছাত্রী বাড়ি থেকে বের হন। তবে তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়ে কাউকে কিছু জানাননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় কলেজ ছাত্রীর পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস এবং মাথায় ওড়না।
কলেজ ছাত্রীর ভাই সাংবাদিকদের বলেন, “চার দিন ধরে আমরা বোনের কোনো খোঁজ পাচ্ছি না। সে কোথায় আছে বা কেমন আছে তা নিয়েও আমরা কিছুই জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।”
ওসি মাসুদুর রহমান বলেন, পুলিশ তাকে খুঁজে বের করার জন্য কাজ করছে।
