ভোটারদের কেন্দ্রে আসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব: ইসি হাবিব
ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে বলে জানান এ নির্বাচন কমিশনার।
ভোটারদের কেন্দ্রে আসার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে-নির্ভয়ে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন সেজন্য কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে তিন জেলার রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোটারের পাশাপাশি প্রার্থীদের সুরক্ষা দেওয়ার বিষয়ে ইসি হাবিব বলেন, “প্রার্থীদের নির্বাচনকালে সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা হবে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে, নির্দ্বিধায় ও নিরাপত্তার সঙ্গে নির্বাচনি প্রচারণা চালাতে পারেন সেজন্য প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর রাখা হয়েছে।
“সেইসঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে সব প্রার্থীকে একইভাবে দেখেন এবং কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে সে বিষয়ে প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে।”
নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সকলকে আশ্বস্ত করেছেন ইসি হাবিব।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মো. মঈনুল হক, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ নির্বাচনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
