০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

গ্রাহকসেবা বাড়াতে খুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের বৈঠক

সেবার মান বাড়াতে কর্মকর্তাদের গ্রাহকদের প্রতি আরও যত্নশীল হওয়ার তাগিদ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

গ্রাহকসেবা বাড়াতে খুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের বৈঠক

খুলনা অঞ্চলের শাখাগুলোকে নিয়ে ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 01:59 PM

Updated : 08 Nov 2026, 01:59 PM

গ্রাহকসেবার মান বৃদ্ধি ও কৌশলগত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে খুলনা অঞ্চলের শাখাগুলোকে নিয়ে মতবিনিময় সভা করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

খুলনার একটি হোটেলে শুক্রবার ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ শীর্ষক এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এহতেশামুল হক খান বলেন, “গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।”

সেবার মান বাড়াতে কর্মকর্তাদের গ্রাহকদের প্রতি আরও যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।

একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও সার্বিক ভিত্তি শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এহতেশামুল হক।

সম্মেলনে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ এলাকার ব্যবসায়িক কৌশল ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা তুলে ধরেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকসেবার মানোন্নয়ন ও লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় সরাসরি অংশগ্রহণকারীদের পাশাপাশি খুলনা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে যুক্ত ছিলেন।