সুন্দরবনে বাঘের কবলে মাছ শিকারি যুবক
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ কর্মকর্তা জানান, বাঘের থাবায় যুবকের মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত হয়েছে।
বাগেরহাটের সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় পড়েছেন মাছ শিকারি এক যুবক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে জেলার মোড়েলগঞ্জের চাঁদপাই রেঞ্জ জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর জানান।
আহত অনুকূল গাইন (৩৫) মোড়েলগঞ্জের পশ্চিম আমরবুনিয়া গ্রামের বাসিন্দা।
শাহাজাহান মোক্তাদীর বলেন, অনুমতি নিয়ে ওই গ্রামের অনুকূল গাইন ও মাহবুব শেখ শুক্রবার সকালে সুন্দরবনের ওই এলাকার একটি খালে মাছ ধরতে যান।
সেখানে একটি বাঘ অনুকূলকে পেছন থেকে আক্রমণ করে। সঙ্গী মাহমুদ শেখের ডাক-চিৎকারে স্থানীয়রা গিয়ে অনুকূলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে অনুকূলকে এ হাসপাতালে আনা হয়। বাঘের থাবায় তার মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
