চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
এসব মাদকদ্রব্য গত এক বছরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে আটক হওয়া ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকের আনুমানিক মূল্য চার কোটি টাকার বেশি।
বুধবার সকালে ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব ধ্বংস করা হয় বলে জানিয়েছেন পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
তিনি বলেন, ভারত থেকে পাচার করা এসব মাদকদ্রব্য গত এক বছরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল- ৯ হাজার ২৭৯ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল বিদেশি মদ, সাড়ে ৯ কেজি হেরোইন, আড়াই কেজি কোকেন, ২০ বোতল বিয়ার, ১৭২ কেজি গাঁজা, ২০৯টি ইয়াবা, ১১ হাজার ৬০টি নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬টি নেশাজাতীয় ইনজেকশন।
মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানসহ বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
