২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে যন্ত্র প্রকৌশল উৎসবে ২০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

এর মধ্যে মেকানিক্যাল অলিম্পিয়াডে ৩২টি, রোবোটিক্সে ২৪টি, আইডিয়া প্রেজেন্টেশনে ১৫টি এবং কিউবে ১০টি দল অংশ নিচ্ছে। 

শাবিতে যন্ত্র প্রকৌশল উৎসবে ২০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী যন্ত্র প্রকৌশল উৎসব শুরু হয়েছে। 

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : 29 Oct 2022, 06:24 PM

Updated : 29 Oct 2022, 06:24 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী যন্ত্র প্রকৌশল উৎসব শুরু হয়েছে।  

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলুন উড়িয়ে ও কেক কেটে এবারের উৎসব ‘মেকনোভেশন-২০২২’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম। 

এর আগে উৎসবটি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আরিফুল ইসলাম, যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মাহমুদ-অর-রশীদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের আয়োজনে তৃতীয়বারের মত এ অনুষ্ঠান হচ্ছে বলে আয়োজক কমিটির সদস্য শাবির যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল হাসান রিফাত জানান।  

তিনি আরও জানান, শুক্র, শনিবার ও রোববার এই উৎসব চলবে।   

অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়, যন্ত্রকৌশল বিভাগের নিজস্ব উদ্যোগে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হচ্ছে। 

শাবিতে ২০১৫ সালে যন্ত্রকৌশল বিভাগ চালু হলেও এরই মধ্যে জাতীয় পর্যায়ে দুটি মেকনোভেশন আয়োজন করেছে বিভাগটি।  

এবারের মেকনোভেশন উৎসব ‘প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক’ এই দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।  

প্রতিযোগিতামূলক অংশটি আয়োজিত হচ্ছে 'রোবটিক্স, ডেপিকশন, মেকানিক্যাল অলিম্পিয়াড, কিউব ও আইডিয়া প্রেজেন্টেশন' – এই পাঁচটি আলাদা বিভাগে।  

প্রতিযোগিতায় দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ৯৪টি টিমের ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।  

এর মধ্যে মেকানিক্যাল অলিম্পিয়াডে ৩২টি, রোবোটিক্সে ২৪টি, আইডিয়া প্রেজেন্টেশনে ১৫টি এবং কিউবে ১০টি দল অংশ নিচ্ছে।  

প্রথম দিন শুক্রবার তিনটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন শনিবার আইডিয়া প্রেজেন্টেশন, রোবটিক্স এবং কিউব বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

শেষদিন রোববার সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আর্থিক ও বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।   

এ ছাড়া এদিন 'সাংস্কৃতিক সন্ধ্যায়' থাকবে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। 

রোবটিক্স বিভাগে অংশগ্রহণকারী আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল মুহি বলেন, “মহামারী করোনাভাইরাসের কারণে আমরা অনেক পিছিয়েছি। ওইসময় দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে গেছে এসব আয়োজনের মাধ্যমে। তাদের তুলনায় আমাদের অনেক শূন্যতা রয়ে গেছে।”