১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবন্তিকার আত্মহত্যা: ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন জবির সহকারী প্রক্টর

ওসি বলেন, “তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখছি; প্রয়োজনে আরও রিমান্ড চাওয়া হতে পারে।”

অবন্তিকার আত্মহত্যা: ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন জবির সহকারী প্রক্টর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 08:34 PM

Updated : 19 Mar 2024, 09:01 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

একদিনের রিমান্ড শেষে দ্বীন ইসলামকে মঙ্গলবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। তখন বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন।

একই মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিনের রিমান্ড চলছে। বুধবার রিমান্ড শেষে তাকেও আদালতে হাজির করবে পুলিশ। 

ওসি ফিরোজ হোসেন বলেন, “জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। প্রয়োজনে আরও রিমান্ড চাওয়া হতে পারে।”

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা শহরের বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার।

 

 

এর আগে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তার এমন মৃত্যুর জন্য সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন। 

আম্মান তাকে অনলাইন ও অফলাইনে হুমকি দিতেন। এ বিষয়ে সহকারী প্রক্টরকে অভিযোগ দেওয়ার পর তিনিও হুমকি ধমকি দিয়েছেন- আত্মহত্যার আগে এমন অভিযোগের কথা লিখে গেছেন অবন্তিকা।

এদিন রাতে আম্মান ও দ্বীনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম। এতে দুজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। 

রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে দুইজনকে কুমিল্লায় নিয়ে আসেন।

পরে সোমবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের পাঁচ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রায়হান আম্মান সিদ্দীকের দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে শনিবার সকালে রায়হান সিদ্দিকী আম্মানকে বহিষ্কার এবং দ্বীন ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে সাময়িক বরখাস্ত হয়েছেন দ্বীন।

আরও পড়ুন:

পুরানো খবর:

অবন্তিকার আত্মহত্যা: আম্মান ও দ্বীন রিমান্ডে

অবন্তিকার মৃত্যু: সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলাম আটক

অবন্তিকার মৃত্যু: সহপাঠী, শিক্ষককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চিরনিদ্রায় বাবাকে পাশে পেলেন অবন্তিকা

কার কাছে বিচার দেব, অবন্তিকার মায়ের বিলাপ

অবন্তিকার পরিবার মামলা করলে ব্যবস্থা নেবে পুলিশ: জবি

শিক্ষক-সহপাঠীকে ‘দায়ী করে’ জগন্নাথ ছাত্রীর আত্মহত্যা

অবন্তিকার সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা