২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতির মধ্যে টিনের চাল কেটে যুবকের মরদেহ উদ্ধার

ওই যুবক ময়মনসিংহে তার বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 11:28 PM

Updated : 01 Nov 2023, 11:28 PM

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় বাসার টিনের চাল কেটে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি পড়াশোনা শেষ করে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বুধবার বিকালে ওই এলাকার হাবুন বেপারি মোড়ের একটি বাসার ৫ তলায় টিন দিয়ে বানানো কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক মুন্না জানান।

নিহত মাহমুদুল হাসান বাপ্পী (৩২) নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বড় কালিয়ান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহে তার বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জহিরুল হক মুন্না বলেন, ওই যুবক লেখাপড়া শেষ করে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বড় ভাই ভাড়া বাসার নিচ তলায় বসবাস করলেও বাপ্পী ৫ তলার ছাদে টিন দিয়ে তৈরি একটি কক্ষে থাকতেন। তার ভাই ফোনে না পেয়ে ছাদের গিয়ে খোঁজ করেন। তখন বাপ্পীর কক্ষ থেকে দুর্গন্ধ আসায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-তে ফোন করেন ভাই।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো কক্ষের চালের টিন কেটে বাপ্পীর মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের পরিদর্শক জহিরুল হক মুন্না বলেন, “ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে বাপ্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”