নোয়াখালীতে অভিমান করে বের হওয়া যুবকের লাশ মিলল পুকুর পাড়ে
অভিমান করে নিজের মোবাইল ভেঙে ফেলেন মারুফ। এরপর একটি ট্রাভেল ব্যাগে নিজের কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ পুকরের পাড় থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেনবাগ থানার ওসি মো. হযরত আলী মিলন।
নিহত মো. মারুফ (২১) ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকার মো. রিপনের মেজো ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ভেঙে ফেলেন মারুফ। এরপর একটি ট্রাভেল ব্যাগে নিজের কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
বুধবার রাতে বাড়ির পাশের পুকুর পাড় ও ধানক্ষেতের সীমানায় গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।
ওসি হযরত আলী মিলন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। গলায় থাকা গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে যাওয়ার পর তিনি সেখানে পড়ে থাকতে পারেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
