২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সিঁধকাটা ঘরের মেঝেতে পড়েছিল নারীর গলাকাটা লাশ

পুলিশ জানায়, ঘরে ওই নারী একাই থাকতেন; তার একমাত্র ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 03:22 PM

Updated : 22 Jul 2023, 03:22 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁধকাটা ঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে  মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ জানান।

৪৫ বছর বয়সি আম্বিয়া বেগম ওই গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর স্ত্রী। আম্বিয়া বেগম ঘরে একাই বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

থানার পরিদর্শক শাহজাহান আহমেদ এই প্রতিবেদককে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে গিয়ে ওই নারীর ঘরের দরজা খোলা ও পেছনে সিঁধকাটা দেখা যায়; মেঝেতে আম্বিয়ার গলাকাটা মরদেহ পড়েছিল।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

থানা পুলিশ আরও জানায়, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার জট খুলতে তদন্ত শুরু হয়েছে।