২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অবৈধভাবে বালু তোলায় ছাত্রলীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা

নৌ-পুলিশ জানায়, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে ড্রেজার ও বাল্কহেড ফিরিয়ে দেওয়া হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 10:10 PM

Updated : 17 Aug 2023, 10:10 PM

বরিশালের মেহেন্দিগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন বলে উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই মো. ওমর ফারুক জানান।

জরিমানা গোনা মো. শাকিল বেপারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তা এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাকিলের মালিকানাধীন ড্রেজার দিয়ে মেঘনার শাখা মাসকাটা নদীর পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা হয়। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ড্রেজার ও বালুভরতি দুটি বাল্কহেড জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ ড্রেজার মালিক ছাত্রলীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

এসআই ওমর ফারুক আরও জানান, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে ড্রেজারসহ বাল্কহেড দুটি ফিরিয়ে দেওয়া হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীভাঙন রোধে অবৈধ ড্রেজিং বন্ধ করার জন্য জেলা প্রশাসন ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে শাকিল বেপারীর ফোনে কল করা হলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।