চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
‘মেসার্স মল্লিক গ্যাস ঘর’কে এই জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালানোর সময় ‘মেসার্স মল্লিক গ্যাস ঘর’ নামের প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয় বলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান।
তিনি বলেন, এ সময় গ্যাস ও খাদ্যপণ্য তদারকি করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করে আদায় করা হয়।
প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করা এবং অবৈধভাবে গ্যাস মজুত বা বিক্রি না করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশ।
