লক্ষ্মীপুরে রাজসিক বিদায়ে আপ্লুত স্কুলশিক্ষক
কর্মস্থল থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে অশ্রুসিক্ত হয়ে যায় স্কুলশিক্ষকের।
লক্ষ্মীপুরের রায়পুরে রাজসিক বিদায়ে আবেগাপ্লুত ৩৫ বছরের কর্মজীবন শেষ করা স্কুলশিক্ষক।
বুধবার দুপুরে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপজেলার কাফিলাতলি সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারীকে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলে সজ্জিত প্রাইভেট কার দিয়ে বাড়ি পৌঁছে দেন।
কর্মস্থল থেকে এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে দুই চোখ অশ্রুসিক্ত হয়ে যায় ইছমাঈল হোসেনের।
এর আগে তাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।
অতিথি হিসেবে আরো ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন।
প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, “ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন।”
শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, “১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।”
