২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

সোমবার তাকে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
ইসরাত জাহান সোনালী।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 03:07 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান সোনালীকে শোকজ করা হয়েছে। 

রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সোনালীকে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ছালেক।

চিঠিতে বলা হয়, “উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর ৮ (৮) বিধি মোতাবেক নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য আগে থেকেই প্রত্যেক প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। তাতে বলা হয়, প্লাস্টিক ব্যানার এবং পলিথিন, পোস্টার লেমিনেশন করা এবং অন্যের দেওয়ালে আঠা লাগানো যাবে না। 

“কিন্তু ইসরাত জাহান সোনালী আপনি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে কীর্তিপাশা ইউনিয়নের কীর্তিপাশা বাজারে অবস্থিত বৈদ্যুতিক লাইনের খুঁটি, দোকানের দেওয়াল, ধর্মীয় উপাসনালয়ের দেওয়াল এবং অন্যান্য একাধিক স্থানে আপনার নাম ও প্রতীক সম্বলিত পোস্টার আঠা দিয়ে লাগিয়েছেন। যা সরেজমিন পরিদর্শনকালে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে।”

সেখানে আরও বলা হয়, “এমন কর্মকাণ্ডে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ৮ (৯), ১৩ (ক) এবং ২১ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এমতাবস্থায়, ২০১৬ বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব সোমবার (৬ মে) জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে জমা দিতে হবে।”

এ ব্যাপারে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালী সাংবাদিকদের বলেন, “আমি এখনও রিটার্নিং কর্মকর্তার দেওয়া চিঠি পাইনি।” 

ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন। 

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।