নাফ নদী থেকে ২ জেলেকে ‘আরসা’র অপহরণের অভিযোগ
ছেলে ও নাতিকে ফেরত আনতে বিজিবি ও পুলিশের সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি চাকমা সম্প্রদায়ের ওই নারী।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে দুই জেলেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি চাকমা সম্প্রদায়ের ওই দুই জনকে ধরে নেওয়া হলেও শনিবার দুপুরে এ ব্যাপারে বিজিবি ও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ছুছিং ছা তঞ্চঙ্গ্যা নামের এক নারী।
ছুছিং ছা তঞ্চঙ্গ্যা (৫২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে তিনি জানান, ইউনিয়নের নাফ নদীর ৫ নম্বর স্লুইস গেইট এলাকায় কাঁকড়া আহরণের সময় তার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও নাতি ক্যমংথোএ তঞ্চঙ্গ্যা (১৩) কে অপহরণ করা হয়েছে। আরসা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে গেছে।
ছেলে ও নাতিকে ফেরত আনতে বিজিবি ও পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছুছিং ছা তঞ্চঙ্গ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার স্বজনদের কোনো খোঁজ-খবর জানেন না। তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও হয়নি। এছাড়া অপহরণকারীরাও যোগাযোগ করেনি।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানান, “এ ধরনের একটি খবর নানা মাধ্যমে শুনেছেন। বিষয়টি বিজিবিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, “শনিবার বিকালে চাকমা সম্প্রদায়ের এক নারী থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি বিজিবিসহ সীমান্ত সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, “বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনার পাশাপাশি যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।”
