২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

সকালে পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদ কক্সবাজারে বেড়াতে যান বলে জানায় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 04:53 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

সোমবার দুপুরে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

নিখোঁজ মো. রাহাদ (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, “সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদ কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘুরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে রাহাদ সাগরে গোসল করতে নামেন।

“এ সময় স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ ভেসে যান।”

খবর পেয়ে লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পায়নি বলে জানান পুলিশ সুপার।

নিখোঁজের সন্ধানে ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।