২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪

জেলা যুবদলের সভাপতি বলেন, গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:13 PM

Updated : 22 Oct 2023, 07:13 PM

নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।

গ্রেপ্তাররা হলেন- জেলা যুবদল নেতা দিদার হোসেন ভূঁইয়া (৪০), সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।  

গত শনিবার রাত ১২টার দিকে চিনিশপুরে দিদার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি হাত বোমা, হাত বোমার বিস্ফোরিত অংশ, ২৫টি ছোট-বড় কাঠের লাঠি, পাঁচটি ইটের টুকরো জব্দ করা হয় বলে দাবি পুলিশের।

সদর থানার ওসি জানান, গোপন তথ্যে দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার  অভিযোগে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি আবুল কাশেম জানান।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি  মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মী।

“সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সব মামলায় জামিনে আছেন।”