২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থার্টি ফার্স্ট নাইটে ১১টার মধ্যে হলে ঢুকতে হবে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের

নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 05:43 PM

Updated : 31 Dec 2022, 05:43 PM

খ্রিস্টীয় নতুন বছর উদযাপনে অনভিপ্রেত ঘটনা এড়াতে রাত ১১টার মধ্যে স্ব-স্ব হলে প্রবেশ করাসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ কয়েকটি নির্দেশনা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

শনিবার মধ্যরাতে নতুন বছরে পা দেবে বিশ্ব। সারাবিশ্বেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম ক্ষণটি বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব অনুষ্ঠান ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে গিয়ে ক্যাম্পাসে যেন কোনও প্রকার উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত কর্মকাণ্ড না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের অবশ্যই রাত ১১টার মধ্যে স্ব-স্ব হলে প্রবেশ করতে হবে। 

একইসঙ্গে ছাড়া হলের অভ্যন্তরে অথবা হলের বাইরে মিছিল, সভা-সমাবেশ করা যাবে না এবং কোনও প্রকার উস্কানিমূলক বক্তব্য ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো যাবে না। এ ছাড়া ব্লাকনাইট, ডিজে পার্টি, মাদকদ্রব্য সেবন ইত্যাদি থেকে সকলকে বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। 

থার্টি ফার্স্ট নাইটে এসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে ক্যাম্পাসের ভিতরে বহিরাগত গাড়ি মোটরসাইকেল প্রবেশ বন্ধ করাসহ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে বলা হয়েছে।