২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ

সারাবছর চোলাই মদ কম তৈরি ও বিক্রি হলেও ঈদ, পূজাসহ বিভিন্ন আচার অনুষ্ঠানে তা কয়েকগুণ বেড়ে যায়।

মানিকগঞ্জে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ

হরিরামপুর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 07:35 PM

Updated : 18 Oct 2022, 07:34 PM

মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উজানপাড়া গ্রামে একটি চক্রের বিরুদ্ধে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এক ইউপি সদস্যসহ স্থানীয়রা কয়েকবার বাধা দিলেও কাজ হয়নি। বরং বাধা দেয়ায় স্থানীয় ইউপি সদস্যকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাতে গোপীনাথপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, গোপীনাথপুর উজানপাড়া গ্রামের ‘সাতজনের একটি গ্রুপ’ চোলাই মদ (বাংলা মদ) তৈরি ও বিক্রি করে। সারাবছর কম তৈরি ও বিক্রি হলেও ঈদ, পূজাসহ বিভিন্ন আচার অনুষ্ঠানে তা কয়েকগুণ বেড়ে যায়।

তিনি অভিযোগ করেন, উজানপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে লাবলু (৪০), মজিদ খানের ছেলে মাইনুদ্দিন (৩২), দানেজ খানের ছেলে মানিক খান (২৭), আরশেদ আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), ছনো ফকিরের ছেলে রুবেল (৩০), আনছের আলীর ছেলে আলী (২৮), জলিল ওরফে বয়রা ঘটুর ছেলে মাছেম (৩৩) দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হয়ে এই চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে। যারা পেশায় রাজমিস্ত্রী ও কাঠমিস্ত্রী।

এদের মধ্যে লাবলু, মানিক খান, মাইনুদ্দিন ও রুবেল মদ তৈরি করে; বাকিরা মদ পান ও বিক্রির সঙ্গে জড়িত।

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, “গত ৭ অক্টোবর রাতে আমিসহ গ্রামবাসী এক লিটার মদসহ শ্যামল হালদার নামে একজনকে আটক করি। আটকের পর শ্যামল জানায়, সে উজানপাড়ার বাবলুর কাছে থেকে এ মদ কিনেছে।”

“পরবর্তীতে গ্রামবাসী জানালে পুলিশ এসে মদ জব্দ করে। তবে তার আগেই ফোনে কথা বলার ভান ধরে শ্যামল দৌঁড়ে পালিয়ে যায়।”

“এ ঘটনার পর মানিক খান আমাকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেয়," যোগ করেন এই ইউপি সদস্য।

ওই গ্রামেরই বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মিলন বিশ্বাস বলেন, “সাত জনের সংঘবদ্ধ চক্রটি গোপনে মদ তৈরি ও বিক্রি করে আসছে বলে অভিযোগ অনেক দিনের। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও রয়েছে।

“সম্প্রতি পুলিশ এসে মদ জব্দও করে। এভাবে মদ তৈরি ও বিক্রি গ্রামের যুবসমাজের মধ্যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। আমরা চাই, প্রশাসন যেন মদ উৎপাদন ও বিক্রি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়।"

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু জানান, "ওই দিনের ঘটনাটি আমি শুনেছি, ঘটনাটি সত্য এবং থানা পুলিশ এক লিটার মদ জব্দ করেছে এটাও সত্য। পরবর্তীতে কী হয়েছে আমার জানা নাই।"

এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ ওঠা ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করা হলেও তা করা সম্ভব হয়নি।

তবে মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে মাইনুদ্দিন বলেন, “আমরা আগে শখ করে বন্ধুরা মিলে দু’একবার মদ বানাইছি ও খাইছি। এখন আমি এ সবের সঙ্গে জড়িত নই। তবে বাকিরা করে কি-না জানি না।"

মুঠোফোনে আলী বলেন, “দেড় বছর আগে আমি কয়েকদিন মদ খাইছি। তখন রুবেল দিত। এখন আমি খাই না। তবে মাইনুদ্দিন, মানিক, বাবলু ও রুবেল-এরা এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে।"

লাবলু বলেন, “ঘটনার দিন আমি আমার বাড়িতে ছিলাম না। মানিককে রাতে থাকতে বলছিলাম বাড়ি পাহারা দেওয়ার জন্য। মানিক আমার বাড়ি থেকে রাতে ওই জিনিস বানাইছে বলে শুনেছি। তবে আমি এ ব্যাপারে কিছুই জানি না এবং আমি জড়িতও নই।"

মুঠোফোনে যোগাযোগ করা হলে মাছেম বলেন, "আমি এসবের সাথে জড়িত নই।”

এ ছাড়া রুবেল সাংবাদিক পরিচয় পেয়েই কলটি কেটে দিয়ে মুঠোফোন বন্ধ করে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তাকে আর পাওয়া যায়নি।

তবে মানিক খান ও বাবলু মিয়ার বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আর স্থানীয়দের হাতে মদসহ আটক হওয়া শ্যামল হালদার বলেন, “বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এ ব্যাপারে আমি আর কিছু বলবো না।”

এ বিষয়ে হরিরামপুর থানার এসআই তোফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে গিয়ে এক লিটার মদ জব্দ করি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের হাতে আটক শ্যামল পালিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত চলছে।”

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"