২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বইয়ের মোড়কে সাজানো বাড়ির সীমানা প্রাচীর

বিখ্যাত লেখকদের কালজয়ী ৩৩টি বইয়ের মোড়ক দেয়ালে স্থান পেয়েছে।

কিশোরগঞ্জে বইয়ের মোড়কে সাজানো বাড়ির সীমানা প্রাচীর

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি বাড়ির সীমানা প্রাচীরে শোভা পাচ্ছে বিখ্যাত লেখকদের বইয়ের মোড়ক।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 06:42 PM

Updated : 01 Mar 2024, 03:00 PM

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি বাড়ির সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে সেলফে রাখা বইয়ের সারির মত করে। ব্যতিক্রমী এ বাড়ির নাম দেওয়া হয়েছে ‘আনন্দধারা’। বাড়িটি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

উপজেলার সরারচরের কালেখাঁর ভাণ্ডা গ্রামের রকিব হাসানের ‘আনন্দধারা’ বাড়ির এই সীমানা প্রাচীর স্থানীয়ভাবে ‘বই দেয়াল’ নামে পরিচিত। যেখানে স্থান পেয়েছে কালজয়ী ৩৩টি বইয়ের মোড়ক।

বাড়িটির সামনে সব সময় দর্শনার্থী ও কৌতূহলী মানুষের দেখা মেলে। সাহিত্যে কালজয়ী বিভিন্ন বইয়ের মোড়কের আদলে তৈরি করা আকর্ষণীয় ‘বই দেয়াল’ নিয়ে আগ্রহের কমতি নেই। স্থানীয় এলাকা ছাড়িয়ে প্রতিদিন দূরদূরান্তের লোকজন ‘বই দেয়াল’ প্রাচীরটি দেখতে সেখানে ছুটে আসছেন। এমনকি বিভিন্ন সংগঠনের উদ্যোগে সেখানে বসছে পাঠচক্র।

৪৭ শতাংশ জমির ওপর নির্মিত বাড়ির সীমানা প্রাচীরের ‘বই দেয়ালটি’ ১০০ ফুট লম্বা ও প্রতিটি বইয়ের মোড়ক ১০ ফুটের মতো উঁচু। ইট-পাথর দিয়ে সীমানা প্রাচীরের মূল কাঠামোতে স্টিলের পাত দিয়ে তৈরি ‘বুক সেলফ’ সদৃশ কাঠামোতে বিখ্যাত লেখকদের কালজয়ী বইয়ের মোড়কের প্রতিকৃতি দেয়ালে স্থান পেয়েছে।

‘বুক সেলফে’ আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’, হুমায়ূন আহমেদের ‘তোমাদের জন্য রূপকথা’, আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ী’, সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’, মরিস বুকাইলির ‘বাইবেল কোরআন ও বিজ্ঞান’, এবং আনিসুল হকের ‘মা’ বইটিসহ কালজয়ী ৩৩টি বই।

বই পড়া ও জ্ঞানচর্চাকে উৎসাহ দিতে বইয়ের দেয়াল তৈরির উদ্যোগ নেন বলে জানিয়েছেন রকিব হাসান। তিনি বলেন, নতুন প্রজন্ম ডিজিটাল মাধ্যমে আসক্ত হয়ে বই বিমুখ হয়ে পড়ছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে।

নতুন প্রজন্মকে এসব থেকে দূরে রাখতে সুস্থ ধারায় ফেরাতে বই পড়া এবং বাঙালির জীবন ও সংগ্রামের ইতিহাস জানার প্রতি আগ্রহী করে তুলতে ‘বই দেয়াল’ বাড়ি নির্মাণ করেন বলে তিনি জানান।

রকিব হাসানের স্বপ্ন নিজ এলাকায় একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা; যাতে এলাকার লোকদের হাতে সহজে বই পৌঁছে দেওয়া এবং তাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়।

ঢাকা থেকে ‘বই দেয়াল’ দেখতে আসা ব্যাংক কর্মকর্তা ফিরোজ কামাল জানান, মানুষকে বইমুখী করতে এই বই দেয়ালটি সবার মাঝে বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।

বাড়িটির পাশে প্রায় বসে পাঠচক্রের আসর। ছুটির দিন বিকালে সামাজিক সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণী ‘বই দেয়ালের’ সামনে গোল হয়ে বসে বই পাঠ করেন। একটি বেসরকারি হাইস্কুলের শিক্ষক লুৎফুন্নুহার চিনুর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা সদর থেকে বাড়িটি দেখতে এসেছেন। খঁটিয়ে খুঁটিয়ে ‘বই দেয়াল’ দর্শন করে সেখানে বসে পাঠ চক্রের আসর।

লুৎফুন্নুহার চিনু জানান, মানুষকে বই পড়তে ও বই সম্পর্কে জানতে এই ‘বই দেয়াল’ বিরাট অনুপ্রাণিত করবে। তাই তিনি সংগঠনের তরুণ সদস্যদের নিয়ে এখানে এসেছেন।

স্থানীয় মসজিদের ইমাম সাকিব আল হাসান জানান, বই কীভাবে মানুষের বন্ধু হয় তা জানতে এই দেয়াল মানুষকে অনুপ্রাণিত করছে। এর ফলে এলাকার সুনাম বৃদ্ধি পাচ্ছে।

ইন্স্যুরেন্স কর্মকর্তা স্বাধীন আহমেদ বারেক জানান, ‘বই দেয়ালে’ বিখ্যাত লেখকদের বইয়ের মোড়ক দেখে নতুন প্রজন্ম অনেক কিছুই শিখতে পারবে। বর্তমান প্রজন্ম যারা বিভিন্ন দিকে বিপথগামী হচ্ছে তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে হলে ‘বই দেয়াল’ এর মত উদ্যোগ বেশ ভূমিকা পালন করবে।